বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনের জন্য জমা দেওয়া ৩৬ জন প্রার্থীর সবকটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন। রিটার্নিং কর্মকর্তা জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ২৬ এপ্রিলের মধ্যে আপিল করতে পারবেন।
বর্তমান আইনে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে দল ও জোটগুলোর মধ্যে বণ্টন করা হয়। সেই হিসেবে বিএনপি জোট পেতে যাচ্ছে ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা অর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিন্জ, সুবর্ণা শিকদার (ঠাকুর), শামীমা আরা বেগম স্বপ্না, শামসি আখতার, ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হোসেন, সুরাইয়া জেরিন, মনসুরা আখতার, জহুরাত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আখতার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।
ঘোষিত তফসিল অনুযায়ী, বাতিল মনোনয়নের বিরুদ্ধে আপিল দাখিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Post a Comment