মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
নভেম্বরে চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে। এই সফরকে কাজে লাগিয়ে কিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে চান তিনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
WSJ-এর প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে কিমের সঙ্গে বৈঠকের আয়োজন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাম্প ইতোমধ্যে হোয়াইট হাউসের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
এ ধরনের বৈঠকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউসের এক মুখপাত্র সংবাদপত্রটিকে বলেন, উপযুক্ত সময়ে আমাদের প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
WSJ উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশনের সঙ্গেও যোগাযোগ করেছিল। তবে কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে বৈঠক করা একমাত্র মার্কিন প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রথম মেয়াদে তিনি কিম জং উনের সঙ্গে তিনবার বৈঠক করেন।
২০১৮ সালে সিঙ্গাপুরে তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দ্বিতীয় বৈঠক হয়।
তাদের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয় ২০১৯ সালের জুনে আন্তঃকোরীয় সীমান্তে। ওই বৈঠকের সময় ট্রাম্প প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার মাটিতে পা রাখেন।
Post a Comment