শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিজ নিজ পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন শিক্ষার্থীদের নিজ নিজ পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকারকে উদ্দেশ করে শিক্ষামন্ত্রী বলেন, এই বর্ষা মৌসুমে পরীক্ষাগুলো নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। আমরা শুরু থেকেই এবং এখনও সার্বক্ষণিকভাবে মনিটরিং করছি। সারাদিনই আমরা এই কাজ করছি।

তিনি বলেন, যদি কোনো পরীক্ষাকেন্দ্রে পানি জমে থাকে, আমরা সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র পরিবর্তন করে দিচ্ছি। এ দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে। এ পর্যন্ত কুমিল্লা সরকারি কলেজই সবচেয়ে বড় বিষয় ছিল। ওই কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছিল। এছাড়া অন্য কোথাও পানি উঠলেও তা খুব বেশি নয়, অল্প কয়েকটি ক্ষেত্রে হয়েছে এবং সেগুলোর কেন্দ্র দ্রুত পরিবর্তন করা হয়েছে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য যে সুবিধাগুলো প্রয়োজন তা দেওয়া হয়েছে। আমরা সব সময় এ বিষয়ে সচেতন ছিলাম এবং নিয়মিত মনিটরিং করছি। সেক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিষয়টি সংশোধন করা আমাদের জন্য বড় কাজ নয়। কারণ অনেক জায়গায় আমরা পরীক্ষা স্থগিত করেছি এবং আমাদের কাছে প্রশ্নপত্র প্রস্তুত আছে, আমরা তাদের পুনরায় পরীক্ষা নিতে পারব।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা আবারও পর্যালোচনা করছি—যদি প্রশাসনের কোনো দুর্বলতার কারণে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে জলাবদ্ধতার জন্য পরীক্ষা নেওয়া সম্ভব না হয়ে থাকে—সে বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। চট্টগ্রাম বোর্ডে আমরা এমন ব্যবস্থা করেছি এবং সে সক্ষমতা আমাদের আছে। তাই আমি আবারও অনুরোধ করছি, শিক্ষার্থীরা যেন নিজ নিজ পড়ার টেবিলে ফিরে যায়। আমরা তাদের চেয়েও বেশি উদ্বিগ্ন। তাদের জন্য সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এই দুর্যোগ মোকাবিলা করব।

তিনি আরও বলেন, আমি আবারও আশ্বস্ত করছি, যেসব পরীক্ষাকেন্দ্রে এ ধরনের ভুল হয়েছে সেখানে পুনঃপরীক্ষার ব্যবস্থা রয়েছে। তারা আমাদের ভবিষ্যৎ। কোনো অবস্থাতেই আমরা তাদের বঞ্চিত করতে পারি না, করবও না। এ কথাই আমি মহান সংসদের মাধ্যমে জাতির উদ্দেশে জানাতে চাই।

Post a Comment

Previous Post Next Post