বিশ্বকাপ ফাইনালের আগে ঢাকায় পারফর্ম করতে আসছেন সঞ্জয়।

 

ফিফা বিশ্বকাপের এবারের আসরের কানাডা পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী ও মিউজিক ডিরেক্টর সঞ্জয় দেব বিশ্বকাপ ফাইনালের আগে ঢাকায় পারফর্ম করতে যাচ্ছেন।

আন্তর্জাতিক মঞ্চে গর্বের সঙ্গে নিজের বাংলাদেশি ঐতিহ্য তুলে ধরে ব্যাপক প্রশংসা কুড়ান সঞ্জয়। রয়েল বেঙ্গল টাইগার, শাপলা ফুল এবং বাংলাদেশের লাল-সবুজ রঙের নকশায় সাজানো তার মেরুন স্যুট বিশ্বব্যাপী দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে।

এবার লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইডিএম প্রযোজক ও ডিজে নিজ দেশের মাটিতে ভক্তদের মাতাতে প্রস্তুত। আগামী ১৯ জুলাই বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত ছয় দিনব্যাপী ‘ফ্যান ফেস্ট ২.০’-এ তিনি পারফর্ম করবেন। ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।

খেলার সরাসরি প্রদর্শনের পাশাপাশি উৎসবে থাকবে কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং দর্শকদের জন্য নানা ইন্টারঅ্যাকটিভ বিনোদনমূলক আয়োজন। আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, টুর্নামেন্টের শেষ পর্যায়জুড়ে ফুটবলপ্রেমীদের জন্য প্রাণবন্ত পরিবেশ তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য।

উৎসবের প্রথম দিন আজ (১৪ জুলাই) অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এদিন দর্শকদের মাতাবেন ফিরোজ জং ও ডিজে সুমন। ১৫ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, আর পারফর্ম করবেন ব্ল্যাক জ্যাং ও ডিজে তন্ময়।

১৬ জুলাই মঞ্চে উঠবেন তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী। পরদিন পরিবেশন করবেন মিলা ইসলাম, ডিজে রিশাদ ও ডিজে তৃষা। ১৮ জুলাই থাকছেন ডিজে সানি। আর ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের আগে উৎসবের শেষ দিনে বহুল প্রতীক্ষিত পারফরম্যান্স দেবেন সঞ্জয়, তার সঙ্গে থাকবেন ডিজে জাদু।

অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিট টুমরো’-এর মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দুই দিনের প্রতিটির টিকিটের মূল্য ৫০০ টাকা। পরবর্তী তিন দিনের প্রতিটির টিকিট ৩০০ টাকা করে। শেষ দিনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠেন এবং বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। একজন ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে তিনি অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ ও জেফারসহ বহু খ্যাতিমান শিল্পীর সঙ্গে কাজ করেছেন।

Post a Comment

Previous Post Next Post