দুর্নীতির এক মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
সোমবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় দেয়। মামলায় অভিযোগ ছিল, প্রেসিডেন্ট থাকাকালে পরিচালিত জনমত জরিপের ১৪টি জাতীয় পর্যায়ের জরিপের জন্য নির্ধারিত অর্থ পরিশোধ করেননি ইউন। এছাড়া একটি জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি এসব জরিপের জন্য ২৭০ মিলিয়ন ওন (প্রায় ১ লাখ ৭৯ হাজার ৮০০ মার্কিন ডলার) দাবি করেছিল।
ইউন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রেসিডেন্ট থাকাকালে বা পদত্যাগের পর তিনি কখনও কোনো প্রতিষ্ঠানকে জনমত জরিপ পরিচালনার নির্দেশ দেননি। তিনি হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
৬৫ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট গত ডিসেম্বর মাসে সামরিক আইন জারি করার পর সৃষ্ট বড় রাজনৈতিক সংকটের জেরে পদচ্যুত হন। সামরিক আইন জারির ওই মামলায় গত ফেব্রুয়ারিতে তাকে দেওয়া যাবজ্জীবন সাজার বিরুদ্ধেও তিনি আপিল করেছেন।

Post a Comment