রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাজনৈতিক মতাদর্শ বা দলীয় পরিচয় নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করেন।
বুধবার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, দিনটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি আন্দোলনে আহত তরুণ-তরুণীদের প্রতিও শ্রদ্ধা জানান এবং বলেন, তাদের অনেকেই শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করে এখনও কষ্টময় জীবনযাপন করছেন। তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং জুলাই যোদ্ধা ও আন্দোলনে অংশ নেওয়া সকল দেশপ্রেমিক নাগরিকের আত্মত্যাগ ও অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম, হত্যা, ভোটাধিকার হরণ, নিপীড়ন ও স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানকে উল্লেখ করে শাহাবুদ্দিন বলেন, এ আন্দোলন ছিল গণতন্ত্রপ্রেমী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা ও আত্মত্যাগের প্রতিফলন।
তিনি ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের মৃত্যুর ঘটনা স্মরণ করে বলেন, তার আত্মত্যাগ এবং সেদিন দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন তরুণের শাহাদাত আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। পরবর্তীতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আন্দোলনটি গণরূপ লাভ করে।
রাষ্ট্রপতি বলেন, এ অভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; বরং এটি জনগণের সম্মিলিত সাহস, আকাঙ্ক্ষা ও আত্মত্যাগের ফল।
তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতিকে স্মরণ করিয়ে দেয় যে জনগণই রাষ্ট্রক্ষমতার উৎস এবং সার্বভৌমত্বের চূড়ান্ত মালিক। নাগরিকদের মৌলিক অধিকার, মর্যাদা, স্বার্থ ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব।
শাহাবুদ্দিন বলেন, জুলাইয়ের চেতনা দেশকে মানবিক, স্বৈরতন্ত্রমুক্ত, সাম্যভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে অনুপ্রাণিত করে।
তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও সম্মান প্রদান, তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত, আহতদের পুনর্বাসন এবং হত্যাকাণ্ডের জন্য দায়ীদের ন্যায়বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
রাষ্ট্রপতি এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

Post a Comment