শামীমের ঝড়ো ফিফটিতে টানা তৃতীয় জয় বাংলাদেশের

 

শামীম পাটোয়ারীর অপরাজিত ৫১ রানের ইনিংসের ওপর ভর করে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সোমবার ডারউইনে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আগের ম্যাচে ফিফটি করা সাব্বির রহমানও মাত্র ৫ রান করে আউট হলে আরও বিপাকে পড়ে দলটি।

এরপর অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম পাটোয়ারী মিলে ইনিংসের হাল ধরেন। দুজনের ব্যাটে গড়ে ওঠে ৮৩ রানের জুটি। ৩২ বলে ৪৩ রান করে শুক্কুর আউট হলেও শামীম অপরাজিত থাকেন ৫১ রানে। আবদুল গাফফার সাকলাইন ৬ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শুক্কুর। ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয়।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ রুবেল, তিনি শিকার করেন চার উইকেট। রাকিবুল হাসান নেন তিনটি উইকেট। এছাড়া আবদুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল একটি করে উইকেট পান।

ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক স্যাম হার্পার। সাদারল্যান্ড করেন ৩০ রান।

Post a Comment

Previous Post Next Post